ইউরোপ চ্যাম্পিয়ন চেলসিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

0
19
ইউরোপ চ্যাম্পিয়ন চেলসিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে তাদেরই ঘরের মাঠে বিধ্বস্ত করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে চেলসিকে ৩-০ গোলে হারিয়ে দেয় প্যারিস ক্লাবটি। দুই লেগ মিলিয়ে চেলসিকে ৮-২ ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ইউরোপ সেরার মঞ্চে নিজেদের আধিপত্য জানান দিল ফরাসি জায়ান্টরা।

প্রথম লেগের মতো দ্বিতীয় পর্বেও চেলসির রক্ষণভাগ ছিল একেবারেই ছন্নছাড়া। ম্যাচের মাত্র ৬ষ্ঠ মিনিটে তরুণ ডিফেন্ডার মামাদো সারের মারাত্মক ভুলে সুযোগ কাজে লাগিয়ে স্কোরবোর্ডে নাম লেখান কভিচা কারাতখেলিয়া। এই গোলের রেশ কাটতে না কাটতেই ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাডলি বার্কোলা। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পিএসজির হাতে চলে গেলে ১৯ বছর বয়সী সেনি মায়ুলুর চমৎকার এক স্ট্রাইকে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটি চেলসির অন্যতম বড় পরাজয়। এর আগে ২০২০ সালে বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে হেরেছিল ব্লুজরা, তবে ৮-২ গোলের এই হার সেই দুঃস্মৃতিকেও ছাড়িয়ে গেল। নিজ মাঠে দলের এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারেননি সমর্থকরা; ম্যাচ শেষ হওয়ার ৩০ মিনিট আগেই গ্যালারি প্রায় শূন্য হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here