যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

0
18
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ও কঠোর সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে নির্দিষ্ট কিছু কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এর লঙ্ঘন আইনগত জটিলতা তৈরি করতে পারে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বি১-বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না। মূলত শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে অনেকেই এই ভিসা নিয়ে দেশটিতে যান, যা ‘বার্থ ট্যুরিজম’ হিসেবে পরিচিত। বর্তমান অভিবাসন নীতি অনুযায়ী এটি এখন থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কোনো ব্যক্তি সেখানকার কোনো নিয়োগকর্তা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ, এই ভিসায় অবস্থানকালে কোনো ধরনের বেতনভুক্ত কাজে নিয়োজিত হওয়া আইনত দণ্ডনীয়। এছাড়া, পর্যটক হিসেবে গিয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করাও নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা সংক্রান্ত নীতিমালায় যে ব্যাপক পরিবর্তন ও কড়াকড়ি আরোপ করা হয়েছে, এই সতর্কবার্তা তারই অংশ। এর আগে অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নির্বাহী আদেশের ফলে অনেক দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থান কঠিন হয়ে পড়েছে। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশিদের জন্য এই সুনির্দিষ্ট নির্দেশনা জারি করল দূতাবাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here