বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসছে। চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ। এরই মধ্যে লিপুর পদে নতুন করে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। একই সঙ্গে সহকারী নির্বাচক হিসেবে বেছে নেওয়া হয়েছে আরেক সাবেক ক্রিকেটার নাঈম ইসলামকে।
গত পাকিস্তান সিরিজ জয়ের পরই খেলোয়াড়দের কাছ থেকে বিদায় নিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন হাবিবুল বাশার সুমন। এর আগে তিনি জাতীয় দলের সহকারী নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। গত ৮ মার্চ নির্বাচক পদে আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর মোট ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেছিলেন। সেখান থেকে সাক্ষাৎকার গ্রহণ শেষে হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচক হিসেবে চূড়ান্ত করে বিসিবি।
অন্যদিকে, সহকারী নির্বাচক পদে দৌড়ে এগিয়ে ছিলেন তুষার ইমরান ও নাঈম ইসলাম। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত নাঈম ইসলামকেই এই পদের জন্য নির্বাচিত করা হয়েছে। যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। এই প্যানেল বাছাই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বিসিবির চার পরিচালক– ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক।
জানা গেছে, নতুন প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪ লাখ টাকা। আর সহকারী নির্বাচক নাঈম ইসলামের বেতন হতে পারে ৩ লাখ টাকা। বর্তমানে সহকারী নির্বাচক হিসেবে দায়িত্বরত হাসিবুল ইসলাম শান্ত’র বেতনও একই স্কেলে নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।