রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী একটি লোকাল শাটল ট্রেন কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে তিনি অসাবধানতাবশত ব্রিজের কাঠামোর সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মরদেহটি ট্রেনের ছাদেই পড়ে থাকে। পরে ট্রেনটি কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে গিয়ে থামলে বিষয়টি নজরে আসে। তখন রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় ছাদ থেকে মরদেহটি নামিয়ে স্টেশনে রাখা হয়।
কালুখালী জংশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন এবং রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় অবহিত করা হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করলেও এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তকরণ ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।