Civil defense members and rescuers work at the site of an Israeli strike in Beirut's Basta neighbourhood, amid the ongoing hostilities between Hezbollah and Israeli forces, Lebanon November 23, 2024. REUTERS/Thaier Al-Sudani TPX IMAGES OF THE DAY
দক্ষিণ লেবাননে গত দুই দিনে ইসরায়েলি বিমান বাহিনীর ধারাবাহিক হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী শিহিন ও মারওয়াহিনসহ বিভিন্ন জনপদ লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে। জেজ্জিন জেলার আল-সারিরা আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় বহু বাড়িঘরে ফাটল ধরেছে এবং জানালার কাচ ভেঙে গেছে। এছাড়া খিয়াম, বিনত জবেইল ও মেফদৌন এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত দুই দিনে অন্তত ৪৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। নাবাতিয়েহর উপকণ্ঠে অবস্থিত শেখ রাঘেব হার্ব বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছে, তাদের পার্শ্ববর্তী ভবনে হামলার ফলে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।
অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করতে গিয়ে ছয়টি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে। হিজবুল্লাহর মতে, ইসরায়েলি বাহিনী তাইয়্যেবে শহর হয়ে দেইর সিরিয়ান এলাকায় ঢোকার চেষ্টা করলে এই সংঘর্ষ বাধে। লেবানন কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২ মার্চ থেকে চলমান সংঘাতে অন্তত ৯৬৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শতাধিক শিশু রয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েলি হামলায় এরই মধ্যে লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার প্রায় এক-তৃতীয়াংশই শিশু।
পরিস্থিতি মোকাবিলায় এবং লেবাননের জনগণের প্রতি সংহতি জানাতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বৃহস্পতিবার লেবানন সফরে আসছেন। তিনি লেবাননের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের জনগণ এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যা তারা নিজেরা বেছে নেয়নি। ইউরোপীয় ইউনিয়নও লেবাননে চলমান ইসরায়েলি অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, এই অভিযান ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করছে এবং দীর্ঘমেয়াদি সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।