বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক করতে অন্তত ১২ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ মার্চ) রাতে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলাকালীন যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প হিসেবে ‘ট্রান্সশিপমেন্ট’ বা ট্রেন পরিবর্তনের বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। এই প্রক্রিয়ায় যাত্রীদের নির্দিষ্ট পয়েন্টে নেমে অন্য ট্রেনের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।
রেলওয়ে সূত্র অনুযায়ী, ঢাকা–পঞ্চগড় রুটে চলাচলকারী পঞ্চগড় এক্সপ্রেস, একতা ও দ্রুতযান এক্সপ্রেসের মাধ্যমে যাত্রীদের পারাপার করা হচ্ছে। একইভাবে খুলনা–নীলফামারী রুটে সীমান্ত ও রূপসা এক্সপ্রেস এবং পার্বতীপুর, রাজশাহী ও চিলাহাটি রুটের যাত্রীদের জন্যও বিকল্প ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে পরিস্থিতির কারণে কুড়িগ্রাম এক্সপ্রেসকে বগুড়া হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে এবং বাংলাবান্ধা এক্সপ্রেসের কয়েকটি ট্রিপ আংশিক পরিবর্তন বা বাতিল করা হয়েছে।
গত বুধবার দুপুর ২টার দিকে ঘটা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।