মেসির ৯০০তম গোলের রাতে ইন্টার মায়ামির বিদায়

0
15
মেসির ৯০০তম গোলের রাতে ইন্টার মায়ামির বিদায়

পেশাদার ফুটবলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে ব্যক্তিগত এই অনন্য কীর্তির রাতেও বিষাদ সঙ্গী হয়েছে তার দল ইন্টার মায়ামির।

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে ন্যাশভিল এফসির সাথে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মায়ামি। অ্যাওয়ে গোলের রোমাঞ্চকর নিয়মে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ন্যাশভিল।

ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই চোখ ধাঁধানো এক গোলে মায়ামিকে লিড এনে দেন মেসি। ডি-বক্সের বাইরে থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ের নিচ দিয়ে নেওয়া তার নিখুঁত মাটি কামড়ানো শট জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। এই গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় যোগ করেন তিনি। তবে ম্যাচের ৭৪ মিনিটে ক্রিস্টিয়ান এসপিনোজার গোলে সমতায় ফেরে ন্যাশভিল। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় এবং দ্বিতীয় লেগের অ্যাওয়ে গোল পাওয়ায় শেষ হাসি হাসে সফরকারীরাই।

পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল দখল এবং ৯টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রেখেও জয় ছিনিয়ে নিতে পারেনি হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। শেষ দিকে মেসির একটি প্রচেষ্টা প্রতিপক্ষের রক্ষণে বাধা পেলে মায়ামির বিদায় ঘণ্টা বেজে ওঠে।

মায়ামি টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও মেসির ৯০০ গোলের মাইলফলক স্তুতি কুড়াচ্ছে বিশ্বজুড়ে। বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন থেকে শুরু করে প্রতিপক্ষ কোচ বেজি কালাঘান—সবাই এই অতিমানবীয় কীর্তির জন্য মেসিকে অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here