সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের উদ্ধার কাজ শেষ: ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

0
17
সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের উদ্ধার কাজ শেষ: ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

বগুড়ার সান্তাহার জংশন সংলগ্ন বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ২১ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় সচল হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনাকবলিত এলাকা অতিক্রম করার মাধ্যমে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানিয়েছেন, বুধবার দুপুরে দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কাজ শুরু করা হয়। সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সারা রাতব্যাপী অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো অপসারণ করে। বর্তমানে রেললাইন মেরামত কাজ চলমান থাকলেও ধীরগতিতে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। ঈদের আগ মুহূর্তে যাত্রীদের এমন দুর্ভোগের জন্য তিনি রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি সান্তাহার স্টেশন ছাড়ার পরপরই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় ৯টি কোচ লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দায়িত্ব অবহেলার অভিযোগে ইতিমধ্যে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here