পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট ও ধীরগতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের করটিয়া বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি ও ধীরগতি লক্ষ্য করা গেছে। অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েকটি স্থানে গাড়ি বিকল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহাসড়কের আশেকপুর, রাবনা ও এলেঙ্গা পয়েন্টে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। গণপরিবহন সংকট এবং চড়া ভাড়ার কারণে নিরুপায় হয়ে শত শত নারী, শিশু ও বৃদ্ধ জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে গন্তব্যে ছুটছেন। যাত্রীরা অভিযোগ করেছেন, ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইল পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগছে এবং গুণতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। আসিফ নামে এক যাত্রী জানান, যানজটের কারণে নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইল পৌঁছাতে তার ১২ ঘণ্টা সময় লেগেছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানিয়েছেন, মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ এবং কিছু গাড়ি বিকল হয়ে পড়ায় যান চলাচলে ধীরগতি তৈরি হয়েছে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং যানজট নিরসনে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।