সৌদি আরবের আকাশে বুধবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে চলতি ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। এমতাবস্থায় আগামী শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সৌদি কর্তৃপক্ষের বরাতে খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দৃষ্টিগোচর না হওয়ায় বৃহস্পতিবার হবে রমজান মাসের শেষ দিন। অর্থাৎ ৩০ রোজা পূর্ণ করে শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে।
ইসলামি বর্ষপঞ্জিকা অনুযায়ী, হিজরি সনের নবম মাস হলো রমজান এবং দশম মাস শাওয়াল। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনটিতেই মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে।