পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

0
22
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ মার্চ) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি কামণা করেন, ঈদের অনাবিল আনন্দ যেন সবার জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন।

রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা সবার মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগাবে। দীর্ঘ ত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে যাত্রা শুরু হয়েছে, তাকে সফল করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। একটি ন্যায়ভিত্তিক এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।

ইসলামের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবের মাহাত্ম্য তুলে ধরে মো. সাহাবুদ্দিন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মুমিনরা অন্যায় ও পাপাচার থেকে মুক্ত হয়ে চারিত্রিক উৎকর্ষ অর্জন করেন। ঈদের আনন্দ সামাজিক বিভেদ ঘুচিয়ে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে এক কাতারে শামিল করে।

বর্তমান বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষদের প্রতি দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর বিশেষ অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here