শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে সিমেন্ট বোঝাই তিনটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঁশতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ছয় হাজার ব্যাগ সিমেন্ট নদীতে তলিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারগুলো ঢাকা থেকে সিমেন্ট নিয়ে ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশ্যে যাচ্ছিল। নড়িয়া সংলগ্ন পদ্মা নদী পার হওয়ার সময় হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে ওঠে এবং প্রবল দমকা হাওয়ায় নদী উত্তাল হয়ে পড়ে। এ সময় ট্রলারগুলো দ্রুত তীরে ভেড়ানোর চেষ্টা করা হলেও উত্তাল ঢেউয়ের আঘাতে একে একে তিনটি ট্রলারই পানিতে তলিয়ে যায়। তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা তাৎক্ষণিকভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ের কারণে ট্রলারডুবির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।