সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে বড় ধরনের এক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবি, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ৩৯টি মাহিন্দ্রা ট্রাক্টর ও বিপুল পরিমাণ পাথর জব্দ করাসহ ছয়জনকে আটক করা হয়েছে।
সিলেট ৪৮ বিজিবির নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। সীমান্ত পিলার ১২৪৬/৫-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে অবস্থিত শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধ কার্যক্রমের খবর পেয়ে বিজিবির কালাসাদেক, কালাইরাগ, নোয়াকোট ও লবিয়া বিওপির একাধিক টিম অভিযানে অংশ নেয়। প্রাথমিক অভিযানে ৩৪টি ট্রাক্টর, ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়। পরবর্তীতে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বিত অভিযানে আরও সরঞ্জামসহ মোট ৩৯টি ট্রাক্টর জব্দ এবং ছয়জনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, জব্দকৃত মালামাল বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিবেশ রক্ষায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।