দীর্ঘ প্রায় এক শতাব্দী ধরে চলা ঐতিহ্য মেনে আজ শুক্রবার চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ এবং মতলব উত্তর উপজেলার প্রায় ৫০টিরও বেশি গ্রামের মানুষ ঈদুল ফিতর পালন করছেন।
১৯২৮ সালে সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রা.) বিশ্বের যেকোনো স্থানে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ পালনের যে নিয়ম প্রবর্তন করেছিলেন, তারই ধারাবাহিকতায় স্থানীয় বাসিন্দারা এই উৎসব পালন করেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে পীর মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানির ইমামতিতে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সকাল ১০টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে পীর মাওলানা আরিফ চৌধুরীর ইমামতিতে বড় একটি জামাত সম্পন্ন হয়।
এছাড়া সমেশপুর, অলীপুর, বলাখাল ও পাঁচানীসহ বিভিন্ন এলাকার ১৮টি মসজিদ ও ১২টি ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে সংশ্লিষ্ট গ্রামগুলোতে বইছে আনন্দের আমেজ।