মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

0
22
মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মোয়াজ্জেম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মন্টু মিয়ার ছেলে লিটনের সঙ্গে মোয়াজ্জেমের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় দরজারপাড় এলাকায় মোয়াজ্জেমের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা রেনু বেগম দাবি করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমার দেবর হাফিজ উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগেও আমার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।’ তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তার ছেলেকে হত্যা করিয়েছে এবং এ ঘটনার বিচার দাবি করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার সাহা জানান, রাত পৌনে ৮টার দিকে এক অটোরিকশা চালক মোয়াজ্জেমকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here