জামালপুরে ভাসমান সেতু উল্টে ৫ জনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

0
25
জামালপুরে ভাসমান সেতু উল্টে ৫ জনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু উল্টে দুই ভাই-বোনসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) ঈদের দিন বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত দর্শনার্থীর চাপে ড্রাম দিয়ে তৈরি অস্থায়ী এই সেতুটি মাঝখান থেকে ভেঙে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার কিশোর আবির (১৬)। নিহত অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে যাতায়াত ও বিনোদনের জন্য এই ভাসমান সেতুটি নির্মাণ করা হয়েছিল। ঈদের দিন হওয়ায় বিকেলে সেখানে হাজারো মানুষের ঢল নামে। একপর্যায়ে অতিরিক্ত মানুষের ভার সইতে না পেরে সেতুটি উল্টে গিয়ে মাঝখান থেকে ভেঙে যায়। এতে ওপরে থাকা অসংখ্য মানুষ সরাসরি নদীতে পড়ে তলিয়ে যান। অধিকাংশ মানুষ সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ঈদের আনন্দঘন মুহূর্তে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো দেওয়ানগঞ্জ এলাকায় শোকের মাতম চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here