টাঙ্গাইলের সখিপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় সিক্ত হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0
25
টাঙ্গাইলের সখিপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় সিক্ত হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

টাঙ্গাইলের সখিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে সোমবার (২৩ মার্চ) দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের এক বিশেষ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, “বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের মহান আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও সম্মান রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি স্থানীয় পর্যায়ে মুক্তিযোদ্ধাদের আবাসন সংকট নিরসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

বীর মুক্তিযোদ্ধা এস এম মোশারফ হোসেন গুড়খার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রবীণ মুক্তিযোদ্ধারা সখিপুরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও যুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল্লাহ আল রনী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মিয়া এবং শাহজাহান সাজুসহ স্থানীয় নের্তৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here