বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জনগণকে প্যানিক না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রয়োজন অনুযায়ী তেল নিন। তিনি নিশ্চিত করেছেন, দেশের জ্বালানি তেল সরবরাহ পর্যাপ্ত এবং সমস্যা সমাধানে সরকার দিন-রাত কাজ করছে। আশা করি এ সমস্যার সমাধান করতে পারবো।
সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ভর্তুকি দিয়ে হলেও আমরা জ্বালানি তেল আমদানি করছি। এরপরও জনগণের কথা ভেবে দাম বাড়ানো হয়নি। তাই আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নিন। জনগণ কো-অপারেট করলে তেলের সমস্যা হবে না। এখন সবার সহযোগিতা প্রয়োজন।
সরবরাহ বাড়ানো হয়েছে জানিয়ে টুকু বলেন, আমরা তেল বেশি সরবরাহ করছি। গত বছরের তুলনায় দেশে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে ঈদ উপলক্ষে দুদিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় কিছু চাপ তৈরি হয়েছিল। এখন আবার স্বাভাবিক হয়েছে।