গাজীপুরে ইয়াবা ও চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৮

0
18
গাজীপুরে ইয়াবা ও চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৮

গাজীপুরের কালীগঞ্জে মঙ্গলবার রাতে পৃথক তিনটি স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযানে চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা, চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় তিনটি মামলা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে এ তথ্য জানান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

ওসি জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জামালপুর বাগমারপাড়া এলাকার মোল্লারটেক এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান চালানো হয়। সেখান থেকে ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সাইদুল ইসলাম (লিপু), পনির হাসান, কাউছার, নাবিদুল, সাইম কিবরিয়া ও আতিকুল্লাহ (তাওছিন)। তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের তিনটি পাইপ জব্দ হয়।

একই দিন রাত ১০টা দিকে শিংলাব গ্রামে অভিযান চালিয়ে জীবন দাস (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বসতবাড়ির কাচারিঘর থেকে ১০ পিস ইয়াবা জব্দ হয়। এছাড়া, নাগরী ইউনিয়নের মঠবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে সমীর বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৫ লিটার মদ তৈরির উপকরণ, একটি গ্যাস সিলিন্ডার ও একটি লোহার চুলা জব্দ করা হয়।

ওসি জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here