কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত

0
10
কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা বন্ধু এবং তারা ঢাকা থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন।

নিহতরা হলেন—ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)। পুলিশ জানিয়েছে, শরীফুল ও রাইসুল আরও কয়েকজন বন্ধুর সঙ্গে আলাদা আলাদা মোটরসাইকেলে করে কক্সবাজার যাচ্ছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি আরিফুল আমিন জানান, ভোরে চট্টগ্রাম থেকে আসা ‘লাল-সবুজ’ পরিবহন সার্ভিসের একটি বাস একই দিকগামী একটি মোটরসাইকেল ও ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক ও সহকারী বাস ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here