যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান, আনুষ্ঠানিক আলোচনায় না

0
25
যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান, আনুষ্ঠানিক আলোচনায় না

প্রায় চার সপ্তাহ ধরে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, তবে এ নিয়ে সরাসরি কোনো আলোচনায় বসার পরিকল্পনা নেই বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতারা গোপনে চুক্তির জন্য আগ্রহী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হয়নি। তবে বিভিন্ন বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে এবং তাতে ইরান নিজের অবস্থান ও সতর্কবার্তা জানাচ্ছে। তিনি বলেন, ‘বন্ধু দেশগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদানকে আলোচনা বা সংলাপ বলা যায় না।’

এর কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানের নেতারা একটি চুক্তি করতে মরিয়া, কিন্তু নিজ দেশে প্রতিক্রিয়ার ভয়ে প্রকাশ্যে তা স্বীকার করছেন না।

সংঘাতের অর্থনৈতিক ও মানবিক প্রভাব ইতোমধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং তেলের দাম বেড়ে গেছে। বিমান পরিবহন থেকে খুচরা বাজার পর্যন্ত বিভিন্ন খাতে সরবরাহ ব্যাহত হওয়ায় ব্যয় বৃদ্ধি ও চাহিদা কমে যাওয়ার প্রভাব দেখা যাচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত যুদ্ধের ঝুঁকি তৈরি করছে এবং উত্তেজনা বাড়ানোর পরিবর্তে কূটনৈতিক পথে ফেরার আহ্বান জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here