মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। দিবসটির বিশেষ তাৎপর্য তুলে ধরে দুই রাষ্ট্রপ্রধান দেশের সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এর আগে বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত একটি বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। ক্রীড়াক্ষেত্রে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
দিনের শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুরাতন বিমানবন্দরে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন। সকাল ১০টা ৫ মিনিটে রাষ্ট্রপতি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।
দীর্ঘ বিরতির পর এই ঐতিহাসিক ভেন্যুতে পুনরায় প্যারেড আয়োজিত হওয়ায় এবারের উদযাপন বিশেষ মর্যাদা পেয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম (অব.) এবং তিন বাহিনীর প্রধানসহ দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।