উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

0
23
উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

টানা দুই আসর বিশ্বকাপে অনুপস্থিত থাকার পর এবারও সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া ইতালি প্লে-অফে জয় দিয়ে তাদের আশা টিকিয়ে রেখেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বেরগামোতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে নিজ সমর্থকদের দুয়ো শুনলেও দ্বিতীয়ার্ধের দাপুটে ফুটবল আজ্জুরিদের মুখে হাসি ফুটিয়েছে।

জেনারো গাত্তুসোর শিষ্যরা প্রথমার্ধে সফরকারী আয়ারল্যান্ডের রক্ষণভাগে খুব একটা ভীতি ছড়াতে পারেনি, যার ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। তবে বিরতির পর কৌশল বদলে আক্রমণাত্মক ফুটবল শুরু করে ইতালি। ম্যাচের ৫৬ মিনিটে ডেডলক ভাঙেন সান্দ্রো টোনালি; বক্সের সামনে থেকে এক বুলেট গতির হাফ ভলিতে দলকে লিড এনে দেন তিনি। এরপর ম্যাচের ৮০ মিনিটে টোনালির সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন মইস কিন। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান এই স্ট্রাইকার, যা ইতালির ২-০ গোলের জয় নিশ্চিত করে।

বিশ্বকাপের চূড়ান্ত টিকিট পেতে ইতালিকে এখন প্লে-অফের ফাইনালে বসনিয়া-হার্জেগোভিনার কঠিন চ্যালেঞ্জ পার করতে হবে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিই নির্ধারণ করবে ইতালির বিশ্বমঞ্চে ফেরার ভাগ্য। একই রাতে প্লে-অফের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে লেভান্ডফস্কির পোল্যান্ড, তুরস্ক, ডেনমার্ক, সুইডেন, চেক প্রজাতন্ত্র এবং কসোভো। চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে প্লে-অফের ফাইনালে পোল্যান্ড মুখোমুখি হবে সুইডেনের, চেক প্রজাতন্ত্র লড়বে ডেনমার্কের বিরুদ্ধে এবং কসোভোর প্রতিপক্ষ হিসেবে থাকছে তুরস্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here