গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম

0
21
গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাসেল বিশ্বাস (২৫) নামে এক যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত রাসেল উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে রাসেলের বাবা জামাল বিশ্বাসের সঙ্গে তার ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেলকে মারধর করে। পরদিন সকালে স্বজনরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পান্না বিশ্বাসের পক্ষের কয়েকজন লোক দেশীয় অস্ত্র ও কুড়াল নিয়ে রাসেলের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল দাস জানান, রাসেলের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে, ঘটনার খবর পেয়ে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক সুব্রত মালো ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত রাসেলের ভাই রবিউল বিশ্বাস এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “প্রথমে বাড়িতে মারধর এবং পরে হাসপাতালেও নিরাপদ থাকতে পারল না আমার ভাই।” তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here