বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে জ্বালানি তেলের দাম বাড়বে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0
19
বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে জ্বালানি তেলের দাম বাড়বে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে যশোরের জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও খাদ্যপণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে ওঠে। তাই বিশ্বের ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করলেও জনগণের স্বার্থে বাংলাদেশ তা করেনি। আর এ জন্য প্রতিদিন জ্বালানি খাতে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

পবিত্র ঈদুল ফিতরের আগ থেকে জ্বালানির চাহিদা অস্বাভাবিক বেড়েছে জানিয়ে অনিন্দ্য ইসলাম বলেন, মার্চ মাসে যেখানে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা থাকে, সেখানে ঈদের আগে প্রতিদিন ২৪ থেকে ২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে এপ্রিল মাস পর্যন্ত জ্বালানি চাহিদা নিশ্চিত করা হয়েছে এবং আগামী ৯০ দিনের মজুদ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি পাওয়াকে সরকারের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ১৫৩ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here