চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় ৬ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

0
19
চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় ৬ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুতের অভিযোগে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে প্রায় ৬ হাজার লিটার ডিজেলসহ ৩০টি ড্রাম এবং তেল লোডিং-আনলোডিংয়ের পাম্প ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিকেল পৌনে ৪টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধভাবে ডিজেল মজুতের বিষয়টি জানতে পেরে সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা তেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, অভিযানে প্রায় ৬ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হলেও ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও ডিপো থেকে পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে তেল সরিয়ে এনে এসব বিক্রেতার কাছে সরবরাহ করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here