দৌলতদিয়ায় বাসডুবি: উদ্ধার অভিযান পরিদর্শন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

0
28
দৌলতদিয়ায় বাসডুবি: উদ্ধার অভিযান পরিদর্শন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে মর্মান্তিক বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, নৌ ও সড়কপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে। বিশেষ করে ঘাট ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নদীভাঙন রোধে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি-র কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।

প্রতিমন্ত্রী জানান, দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে এলেও নিখোঁজদের সন্ধানে অভিযান আরও এক-দুই দিন অব্যাহত থাকবে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সড়ক ও নৌপথের দুর্ঘটনা রোধে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

ভয়াবহ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই উন্নয়ন ব্যবস্থাপনায় পরিবর্তন আনার চেষ্টা করছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবং ঘাট ব্যবস্থাকে আরও উন্নত করতে সরকার বদ্ধপরিকর। উদ্ধার অভিযান সম্পূর্ণ শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

এ সময় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here