যুক্তরাষ্ট্রের বোস্টনে ফক্সবোরো স্টেডিয়ামে ৬৬ হাজার ২১৫ জন দর্শকের উপস্থিতিতে নিজেদের ‘হোম ম্যাচ’ বানিয়েও হার নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। দুই দফা পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলো সেলেসাওরা। ১০ জনের ফ্রান্সের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে তারা।
ম্যাচের শুরু থেকেই বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে ধারালো ছিল ফ্রান্স। প্রথমার্ধের ৩২ মিনিটে উসমান দেম্বেলের রক্ষণচেরা পাসে গোল করে দলকে এগিয়ে নেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। এই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে ৫৬ গোল করে অলিভিয়ের জিরুর (৫৭) রেকর্ডের খুব কাছে পৌঁছে গেলেন তিনি। প্রথমার্ধে ব্রাজিল বেশ কয়েকটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় গোল পাচ্ছিল না তারা। ৫৫ মিনিটে ফ্রান্সের দায়োত উপামেকানো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফরাসিরা। এই সুযোগ কাজে লাগানোর আগেই ৬৫ মিনিটে মাইকেল ওলিসের থ্রু বল থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হুগো একিতিকে।
ম্যাচের ৭৮ মিনিটে ফ্রি-কিক থেকে পাওয়া বল ক্যাসেমিরোর কাটব্যাক থেকে গোল করে ব্যবধান কমান ব্রাজিলের ডিফেন্ডার গ্লেইসন ব্রেমার। এটি জাতীয় দলের হয়ে তার প্রথম গোল। শেষদিকে ব্রাজিল সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠলেও ফ্রান্সের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ফলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ভিনিসিয়ুস-রাফিনিয়াদের।