কুমারখালীতে যুবককে কুপিয়ে হত্যা

0
21
কুমারখালীতে যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে তাইজুল ইসলাম তাজেম (৩০) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তাজেম ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রতিবেশী মোক্তার হোসেনের ছেলে মিরাজ হোসেনের সঙ্গে তাজেমের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। স্বজনদের দাবি, সেই বিরোধের জের ধরেই মিরাজ ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তাজেমকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকাছাড়া বলে জানা গেছে। এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সড়কের পাশ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here