সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ডিপোতে হামলার দাবি করেছে ইরান।
শনিবার (২৮ মার্চ) ডিপোটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ডিপোটি ধ্বংস হয়ে গেছে।
ইরানের বিপ্লবী গার্ডের খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় ডিপোতে ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই নিহত হয়েছেন। কারণ হামলার পর কি অবস্থা হয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য অস্বীকার করেছে।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এলাকায় পাল্টা হামলা শুরু করে তেহরান। এর মধ্যে দুবাই ও আবধুাবিতে বিশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড হামলার ব্যাপারে বলেছিল, ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন-বিধ্বংসী ব্যবস্থার ডিপোও টার্গেট করা হয়। হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে।’
একই দিনে দুবাই সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ড্রোন ডিপোতে হামলার তথ্য প্রকাশ করে।