নড়াইলে নিখোঁজ শিশু তাসমিয়ার মরদেহ মধুমতী নদী থেকে উদ্ধার

0
25
নড়াইলে নিখোঁজ শিশু তাসমিয়ার মরদেহ মধুমতী নদী থেকে উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচরে মধুমতী নদীর জেগে ওঠা বালুচরে (মিনি কক্সবাজার) ঈদে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী শিশু তাসমিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডিগ্রিরচর গ্রামের মধুমতী নদী থেকে বড়দিয়া নৌ-পুলিশ তার নিথর দেহটি উদ্ধার করে। নিহত তাসমিয়া যশোরের সাতমাইল বাজার এলাকার শাহবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে এবং সে লোহাগড়ার মঙ্গলাহাটা গ্রামে তার চাচি রেশমার বাবার বাড়িতে ঈদে বেড়াতে এসেছিল।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাসমিয়া তার চাচি ও অন্যান্য স্বজনদের সঙ্গে ‘মিনি কক্সবাজার’ খ্যাত মধুমতী নদীর চরে বেড়াতে যায়। সেখানে নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তাসমিয়া নিখোঁজ হয়। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালালেও প্রথম দিকে নিখোঁজের সঠিক তথ্য না পাওয়ায় খুলনা থেকে ডুবুরি দল আনা সম্ভব হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here