শরীয়তপুরের গোসাইরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’-এর জেলা প্রতিনিধি নয়ন দাসের ওপর হামলার ঘটনায় দীর্ঘ এক মাস পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আসামির নাম লিখন কাজী (২৪), যিনি মামলার ৪ নম্বর আসামি এবং নাগেরপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার দিবাগত মধ্যরাতে ডামুড্যা উপজেলার আকালবড়িশ এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সাংবাদিক নয়ন দাস স্থানীয় আরও কয়েকজন সহকর্মীকে নিয়ে নাগেরপাড়া এলাকার একটি ফসলি জমিতে চলা মাদক ও জুয়ার আসরের তথ্য সংগ্রহ করতে যান। সেখানে ভিডিও ধারণ করে ফেরার পথে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর নজরদারি শুরু করে। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি দুপুরে পেশাগত কাজ শেষে জেলা শহরে ফেরার পথে নাগেরপাড়ায় ওত পেতে থাকা একদল যুবক সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নয়ন দাস গুরুতর আহত হন এবং হামলাকারীরা তার ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
এই বর্বরোচিত হামলার ঘটনায় সাংবাদিক নয়ন দাস বাদী হয়ে ৪ জন নামীয় এবং অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে গোসাইরহাট থানায় মামলা দায়ের করেন।
পুলিশ লিখন কাজীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠালেও মামলার প্রধান আসামিসহ অন্য অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে ওসি আজিজুল ইসলাম জানিয়েছেন, প্রধান আসামিসহ বাকিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।