হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৭ কেজি ৯০১ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে ঢাকায় পৌঁছানো ফ্লাইটটিতে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি চালায় এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিমান অবতরণের পরপরই কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণের চালানটি দেশের অভ্যন্তরীণ বাজারে পাচারের উদ্দেশ্যে আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট চক্র ও সম্ভাব্য নিরাপত্তা ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আন্তর্জাতিক ফ্লাইটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। কার্গো কম্পার্টমেন্ট, টয়লেট ও অন্যান্য অংশে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।