বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: নিহত ২, আহত ৬

0
27
বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: নিহত ২, আহত ৬

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী স্লিপার কোচের সজোরে ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসের অন্তত আরও ছয়জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু (৫৭)। নিহত অন্য ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেরিটেজ স্লিপার কোচ নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর থেকে বেশ কিছু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে চন্ডিপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস ও বালুবাহী ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here