চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৬০০ লিটার ডিজেল ও ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা। একই সঙ্গে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও চারটি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পতেঙ্গা আউটপোস্টের সদস্যরা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানে একটি ছোট আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ডিজেল ও আলকাতরা উদ্ধার করা হয়। বোটটি সরকারিভাবে অনুমোদনবিহীন ছিল বলে জানানো হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পাচারের সময় বোটে উপস্থিত সাতজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উদ্ধার করা মালামাল নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংস্থাটি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।