সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র: ডেপুটি স্পিকার

0
27
সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে সংসদ পরিচালনায় নিরপেক্ষতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, সংসদ কোনো ব্যক্তির নয়, এটি জনগণের সার্বভৌমত্বের প্রতীক।

রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে প্রথমবারের মতো সভাপতিত্ব করে তিনি এ বক্তব্য দেন।

ডেপুটি স্পিকার বলেন, সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ পরিচালনা করা হবে। তিনি এবারের সংসদকে ব্যতিক্রমধর্মী ও ঐতিহাসিক উল্লেখ করে এটিকে ‘মজলুমদের সংসদ’ হিসেবেও অভিহিত করেন।

বক্তব্যের শুরুতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নিজের নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে গণতন্ত্রের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের শক্তিই গণতন্ত্রের মূল ভিত্তি। এই সংসদে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে আসা প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন তিনি।

সংসদ পরিচালনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে দলীয় ও সরকারি পদ থেকে সরে দাঁড়ানোর কথাও জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, স্পিকারের নির্দেশনা অনুযায়ী সব সদস্যের অধিকার ও মর্যাদা সমভাবে নিশ্চিত করা হবে।

আইনের শাসনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাষ্ট্রের সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের অধীনেই থাকতে হবে। এছাড়া সংসদে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি সংসদকে জনগণের প্রত্যাশা পূরণের জায়গা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here