ক্রীড়াকে পেশা ও জীবিকার নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে গড়ে তুলতে সরকার প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের সরকারি বেতন কাঠামোর আওতায় এনেছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।
রোববার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন চাপলে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা করে পৌঁছে যায়। এ সময় তিনি ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদেরও সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টা ১৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। এরপর ক্রীড়াবিষয়ক একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে দেশের ক্রীড়াঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর অবদান তুলে ধরা হয়। একইসঙ্গে খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন, নতুন খেলার মাঠ নির্মাণ এবং তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন পরিকল্পনার চিত্রও উপস্থাপন করা হয়।


