স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিধান অনুযায়ী দেশে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’ জারি করা হয়েছিল এবং পরে তা সংসদে উপস্থাপন করা হয়। বর্তমান সরকার এটিকে আনুষ্ঠানিক বিল হিসেবে পাস করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৩০ মার্চ) সংসদে এনসিপি দলের সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা দখলদার বাহিনীর মতো আচরণ করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল এবং সহিংসতা চালিয়েছিল, তারা জনগণের প্রতিরোধের মুখে পড়ে। এ সংঘর্ষে কেউ নিহত এবং কেউ আহত হন।
তিনি এসব ঘটনাকে ‘যুদ্ধক্ষেত্রের সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, এই অধ্যাদেশে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ইতোমধ্যে দুটি রায় দেওয়া হয়েছে। এসব সহযোগীর মধ্যে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন।
বিচারিক কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, এসব বিচার সরাসরি সম্প্রচার করা হয়েছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার কোনো বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, দেশে সংঘটিত গুম, খুন, হত্যা ও গণহত্যার সব ঘটনার বিচার নিশ্চিত করা হবে।