মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে আবারও নিষেধাজ্ঞা

0
19
মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে আবারও নিষেধাজ্ঞা

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

এদিন সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হান্নান আদালতে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মোয়াজ্জেম হোসেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টার সাবেক এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি অবৈধভাবে অর্জিত এসব অর্থ সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান চলমান রয়েছে।

সিআইডি আবেদনে আরও উল্লেখ করে, অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় বিদেশে চলে যেতে পারেন। তাই অনুসন্ধানের স্বার্থে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমন রোধ করা প্রয়োজন।

এর আগে, গত বছরের ২৪ মে একই আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন। পরে চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়ে গত ২০ জানুয়ারি আবেদন করলেও আদালত তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here