রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের পাশ থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

0
15
রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের পাশ থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-চট্টগ্রাম বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কের পাশের একটি খাদ থেকে গোবিন্দ কুমার মজুমদার (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সকালে সড়কের কালাদী এলাকা থেকে এই নিথর দেহটি উদ্ধার করা হয়। নিহত গোবিন্দ কুমার মজুমদার ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন কাঠিয়া কালীবাড়ী এলাকার অমরেশ মজুমদারের ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন সড়কের পাশের খাদে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরবর্তীতে দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে নিহতের হাতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করে তার সঠিক পরিচয় শনাক্ত করে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে চেতনানাশক বা বিষাক্ত কিছু খাইয়ে কাবু করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নৃশংসভাবে হত্যা শেষে মহাসড়কের পাশের খাদে ফেলে রেখে পালিয়ে যায়।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here