এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকা পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

0
20
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকা পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই টিকা সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের সংক্রমণ বেড়ে গেলেও সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। রাজধানীর মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা আইসিইউ ইউনিট ১৮ ঘণ্টার মধ্যেই পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন সুবিধা ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, মানিকগঞ্জ ও রাজশাহীতে নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে আইসিইউ চালু, ভেন্টিলেটর সরবরাহ এবং বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুতের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ২০১৮ সালের পর বড় কোনো হামের টিকাদান ক্যাম্পেইন হয়নি। ফলে যেসব শিশু টিকার আওতার বাইরে ছিল, তাদের মধ্যেই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এর জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ ইতোমধ্যে ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই টিকা সরবরাহ শুরু হতে পারে।

তিনি বলেন, “আমরা পরিস্থিতি মোকাবিলা করছি। সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে এবং শিশুদের টিকাদান নিশ্চিত করতে হবে।”

স্বাস্থ্য সচিব জানান, অনুমোদন প্রক্রিয়া শেষ হলেই ইউনিসেফ থেকে টিকা দেশে পৌঁছাবে এবং টিকা আসার সঙ্গে সঙ্গে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here