খেলোয়াড় থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার জন্য ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পেশাদার খেলোয়াড়রা কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন; তারা দেশের প্রতিনিধি। তাই তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমেই দেশের মর্যাদা বৃদ্ধি করতে হবে।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় প্রতিটি সাফল্যের পেছনে প্রতিপক্ষ থাকে এবং সেই প্রতিযোগিতাই জয়কে অর্থবহ করে তোলে। তিনি খেলোয়াড়দের প্রতি পরাজয়কে ব্যর্থতা হিসেবে না দেখে, জয়ের পথের একটি অংশ হিসেবে গ্রহণ করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার প্রথমবারের মতো খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় এনেছে এবং ক্রীড়া ভাতা চালু করেছে। এর ফলে খেলোয়াড়রা আর্থিক অনিশ্চয়তা ছাড়াই খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবার জন্য ক্রীড়া’ নীতির আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও খেলাধুলার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হবে।
এ অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের সম্মাননাও দেওয়া হয়। একই সঙ্গে সোনালী ব্যাংকের মাধ্যমে তাদের মোবাইল অ্যাকাউ্টে এক লাখ টাকা করে ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়।