চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বি।
অভিযানে নওরীন ফিলিং স্টেশনের মালিক মো. মিজানুর রহমান (মুক্তিযোদ্ধা সড়ক, সদর) এবং পদ্মা ওয়েল কোম্পানির এজেন্ট ইমরান ট্রেডার্সের মালিক মো. মঞ্জুর হোসেন তালুকদার (আলিমপাড়া, সদর) কে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের দায়ে আটক করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।