ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের সজোরে ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ট্রাকচালক নিহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটির মালিক জিল্লুর হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনি বগুড়া সদর উপজেলার বুজুরুক মাহিরা গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে সরকারি চাল নিয়ে ট্রাকটি ঢাকার তেজগাঁওয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে লালপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের মালিক জিল্লুরকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রায়হান হোসেন জানান, জিল্লুর হোসেনের ডান পায়ের একাধিক হাড় ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাজেদ জানিয়েছেন, নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।