অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ইউসিব‘র সাবেক দুই পরিচালক কারাগারে

0
19
অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ইউসিব‘র সাবেক দুই পরিচালক কারাগারে

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক দুই পরিচালককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। কারাগারে পাঠানো দুই আসামি হলেন ইউসিবিএলের সাবেক পরিচালক অপরূপ চৌধুরী (৬৫) এবং তৌহিদ সিপার রফিকুজ্জামান (৬৬)। তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নাকচ করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, আত্মসাৎ ও অর্থপাচারের মতো গুরুতর অভিযোগে করা মামলায় দুই আসামির জামিন আবেদন গ্রহণযোগ্য নয় বলে আদালত মত দেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরে ওই অর্থ উত্তোলন করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়।

এ মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী এবং ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ১১ মার্চ আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি দণ্ডবিধির বিভিন্ন ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা হয়েছে।

আদালত আগামী ৫ এপ্রিল এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন। মামলায় ৯২ জনকে সাক্ষী করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে দুজন মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here