এশিয়ান কাপ বাছাই পর্বে আজ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাফুফের সঙ্গে চুক্তি অনুযায়ী জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরারও এটি শেষ ম্যাচ। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে হামজা, জামালরা। সিঙ্গাপুরের কালাং জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
বাছাই পর্বে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট। ‘বি’ গ্রুপে চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা সিঙ্গাপুরের সংগ্রহ ১১ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হংকং। আর ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ভারত।
আজকের ম্যাচে জিততে পারলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ পাবে। সেই লক্ষ্য নিয়েই বাছাই পর্বের মিশন শেষ করতে চায় কাবরেরার দল।
সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। কারণ, জয় পেলে ফিফা র্যাংকিংয়েও উন্নতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিঙ্গাপুরের বিপক্ষে এখনো জয় না পাওয়ার আক্ষেপও ঘুচতে পারে। তবে কাজটি সহজ হবে না। র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। বাছাই পর্বে ৫ ম্যাচে অপরাজিত থেকে ইতোমধ্যেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা।
নিজেদের মাঠে বাছাইয়ের শেষ ম্যাচে জয় দিয়েই অভিযান শেষ করতে চাইবে দ্য লায়নসরা। অতীত পরিসংখ্যানও তাদের পক্ষেই কথা বলছে। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ড্র করলেও এখনো জয়ের দেখা পায়নি। সর্বশেষ গত জুনে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ২-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
সব মিলিয়ে শক্তিশালী এই প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া কঠিন চ্যালেঞ্জ। তবে এই ম্যাচের আগে র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হারলেও নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে সিঙ্গাপুরের মাঠে সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার আশায় রয়েছে দল।