বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তিন পেসার ম্যাট ফিশার, উইল ও’রোর্ক ও ব্লেয়ার টিকনার।
দলের প্রধান কোচ রব ওয়াল্টার বলেছেন, ও’রোর্ক, টিকনার এবং ফিশার গত কয়েক মাস ধরে দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছেন। তাদের ফিরে আসা দলের জন্য দারুণ সুখবর বলেও মন্তব্য করেন তিনি।
অফ-স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটও আবার সাদা বলের দলে জায়গা পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আইপিএলে ব্যস্ত থাকায় দলের কয়েকজন নিয়মিত ক্রিকেটার এই সিরিজে থাকছেন না। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে অংশ নেওয়ায় ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই নেতৃত্ব দেওয়া হয়েছে টম ল্যাথামকে।
শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ শেষ করে মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং বেন সিয়ার্স মূল দলে যোগ দেবেন। আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড দল দেশ ছাড়বে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল।
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ওয়ানডে দলে রয়েছেন টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।