বাড়তি ভাড়া আদায়ে শ্রীপুরে বাসে অভিযান, জরিমানা ও যাত্রীদের টাকা ফেরত

0
23
বাড়তি ভাড়া আদায়ে শ্রীপুরে বাসে অভিযান, জরিমানা ও যাত্রীদের টাকা ফেরত

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে মাগুরার শ্রীপুরে একটি ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) উপজেলার শ্রীকোল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম শ্রীকোল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানকালে ঝিনাইদহের শৈলকুপা থেকে ছেড়ে আসা ‘শৈলকুপা ডিলাক্স’ নামের একটি বাসে জনপ্রতি ৮০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছিল। এছাড়া যাত্রীদের দেওয়া টিকিটে ভাড়ার ঘর ফাঁকা রাখা হয়েছিল। এসব অনিয়মের অভিযোগে বাসটির সুপারভাইজারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ঢাকাগামী শৈলকুপা ডিলাক্স বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছিল। পাশাপাশি যাত্রীদের দেওয়া টিকিটে ভাড়ার পরিমাণ উল্লেখ করা হয়নি। এ কারণে বাসটির সুপারভাইজারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অতিরিক্ত আদায় করা অর্থ যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here