আগামী ৫ বছরের রূপরেখা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

0
15
আগামী ৫ বছরের রূপরেখা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী ৫ বছরের বিস্তারিত কর্মপরিকল্পনার রূপরেখা জাতীয় সংসদে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ইশতেহার বাস্তবায়নে ইতিমধ্যে যেসব ক্ষেত্রে দৃশ্যমান ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে, তাও দেশবাসীর সামনে তুলে ধরেন তিনি।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর এক লিখিত প্রশ্নের জবাবে সংসদ নেতা তারেক রহমান এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান। প্রধানমন্ত্রী জানান, সব মন্ত্রণালয় ও বিভাগ তাদের নিজ নিজ কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে।

লিখিত জবাবে প্রধানমন্ত্রীর তুলে ধরা খাতভিত্তিক অগ্রগতির চিত্রগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ঋণ মওকুফ:

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলার ৩৭,৮১৪টি নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য পাইলট ভিত্তিতে ‘কৃষক কার্ড’ চালু হচ্ছে। এছাড়া নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

ধর্মীয় নেতাদের সম্মানী:

পবিত্র ঈদুল ফিতরের আগেই ৩,২৯৫ জন ইমাম, ২,৯৭৫ জন মুয়াজ্জিন, ২,৬০৪ জন খাদেমসহ হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় নেতা মিলিয়ে মোট ৯,১০২ জনের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সম্মানী পাঠানো হয়েছে।

ই-হেলথ কার্ড ও স্কুল ড্রেস:

খুলনা জেলায় ২৫ লাখ ‘ই-হেলথ কার্ড’ প্রদানের একটি পাইলটিং প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চলতি অর্থবছর থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

২০ হাজার কিমি খাল খনন ও বনায়ন:

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে ১,২০৪ কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আরও ১,৫০০ কিলোমিটার খাল পুনঃখনন করবে। এছাড়া ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার বিপরীতে ইতিমধ্যে দেড় কোটি চারা উৎপাদন করা হয়েছে।

শিক্ষায় প্রযুক্তি ও ভাষা দক্ষতা:

আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি প্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান এবং ৩,৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই চালুর পাশাপাশি শিক্ষার্থীদের ইতালিয়ান ও জাপানি ভাষা শেখানো হচ্ছে।

ক্রীড়া ভাতা ও খেলার মাঠ:

গ্রামাঞ্চল ও শহরে খেলার মাঠ নির্ধারণের জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জাতীয় ক্রীড়াবিদদের জন্য ‘ক্রীড়া ভাতা’র আওতায় প্রথম ধাপে আন্তর্জাতিক পর্যায়ে সফল ১২৯ জন ক্রীড়াবিদকে ভাতা প্রদান করা হয়েছে এবং ৫০০ জনকে এতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পেপ্যাল চালু ও স্টুডেন্ট লোন:

দেশে পেপ্যালের কার্যক্রম শুরুর জন্য একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে। এছাড়া ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ব্যাংক ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here