বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি, কোনো হতাহত নেই

0
20
বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি, কোনো হতাহত নেই

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মাদ্রাসা ঘাটে নোঙর করা ‘এমভি মানিক-৪’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় লঞ্চে কোনো যাত্রী বা স্টাফ না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ জন মুসল্লি নিয়ে মঙ্গলবার রাতে চরমোনাইয়ের বার্ষিক মাহফিলের উদ্দেশ্যে রওনা দেয় লঞ্চটি। বুধবার ভোরে নিরাপদে যাত্রী নামিয়ে দেওয়ার পর এটি চরমোনাই ঘাটে অবস্থান করছিল। জোয়ারের সময় নদীতে পানি বেশি থাকায় লঞ্চটি বালুর বস্তার ওপর উঠে যায়। পরবর্তীতে দুপুরে নদীতে তীব্র ভাটা শুরু হলে পানি কমে যাওয়ায় লঞ্চটি ভারসাম্য হারিয়ে একপর্যায়ে কাত হয়ে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী ও লঞ্চ সংশ্লিষ্টদের ধারণা, ভাটার সময় পানির স্তর দ্রুত কমে যাওয়া এবং লঞ্চটি যথাযথভাবে শক্ত করে ঘাটে বেঁধে না রাখাই এ দুর্ঘটনার প্রধান কারণ। এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও লঞ্চের ভেতরে থাকা মুসল্লিদের বেশ কিছু মালামাল পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ এক বিবৃতিতে লঞ্চডুবির খবর নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কোনো হতাহত নেই এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, আজ বুধবার বাদ জোহর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইয়ের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here